রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ এই প্রযুক্তি সম্মেলনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন স্টার্টআপ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসএবি)-এর সভাপতি ও তরুণ উদ্যোক্তা মো. আব্দুর রশিদ সোহাগ।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের ফোরামে বিশ্বের ১১০টি দেশের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন সরকারি ও আন্তর্জাতিক সংস্থা, শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান, স্টার্টআপ, শিক্ষাপ্রতিষ্ঠান ও গবেষকরা অংশ নেবেন। ফোরামে ডিজিটাল রূপান্তর, আধুনিক প্রযুক্তিগত অবকাঠামো, উদ্ভাবন এবং আন্তর্জাতিক প্রযুক্তি সহযোগিতা নিয়ে আলোচনা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে প্লেনারি সেশন, বিজনেস ট্র্যাক, শিক্ষাবিষয়ক কর্মশালা, বিজনেস ম্যাচিং এবং আন্তর্জাতিক প্রযুক্তি প্রদর্শনী।
মো. আব্দুর রশিদ সোহাগ দেশের স্টার্টআপ ইকোসিস্টেমে একজন পরিচিত উদ্যোক্তা, মেন্টর ও কমিউনিটি সংগঠক হিসেবে কাজ করে আসছেন। তিনি স্টার্টআপ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ ও প্রযুক্তিনির্ভর যাতায়াত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘পিউপিল স্কুল বাস লিমিটেড’-এর প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও চেয়ারম্যান। প্রতিষ্ঠানটি বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে জিপিএস ট্র্যাকিং, ডিজিটাল নোটিফিকেশন ও স্মার্ট অ্যাটেনডেন্স ব্যবস্থার মাধ্যমে সেবা দিয়ে আসছে।
তিনি চট্টগ্রাম কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতক এবং ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে উচ্চতর পেশাগত প্রশিক্ষণের অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের মর্যাদাপূর্ণ ‘প্রফেশনাল ফেলোজ প্রোগ্রাম-২০২৫’-এ অংশ নেন এবং ওকলাহোমা ইউনিভার্সিটি থেকে লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।
এছাড়া, তিনি ওকলাহোমার তুলসা-ভিত্তিক মডাস ইনকর্পোরেশনের বোর্ড ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দেশে ‘ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম’ (ইউআইএইচপি)-এর লিড মেন্টর হিসেবে তরুণদের মেন্টরিং করছেন।
উদ্যোক্তা জীবনে সোহাগ এটুআই স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জে প্রথম পুরস্কার, বিওয়াইএলসি ভেঞ্চার্স থেকে প্রি-সিড বিনিয়োগ, এন্টারপ্রেনারশিপ ওয়ার্ল্ড কাপের শীর্ষ ২৫০-এ স্থান এবং ডিএনসিসি সিটিজেন অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে তিনি সিউল স্মার্ট সিটি প্রাইজ ২০২৬-এর সেমিফাইনালিস্ট এবং গ্লোবাল স্টার্টআপ অ্যাওয়ার্ডসের গ্লোবাল ফাইনালিস্ট ও ‘ফাউন্ডার অব দ্য ইয়ার’ স্বীকৃতি লাভ করেন। এ ছাড়া তিনি ‘ট্যালি এমএসএমই স্টার্টআপ ফাউন্ডার অব দ্য ইয়ার ২০২৪’ সম্মাননা পান।
সম্মেলনে অংশ নেওয়া প্রসঙ্গে অনুভুতি জানিয়ে ঢাকা ডায়েরিকে মো. আব্দুর রশিদ সোহাগ বলেন, “বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম এখন একটি গুরুত্বপূর্ণ রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। মস্কোর মতো বৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের সম্ভাবনাকে তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক প্রযুক্তি ও সহযোগিতার সুযোগগুলো দেশের ইকোসিস্টেমের সাথে যুক্ত করাই আমাদের মূল লক্ষ্য।”
Leave a Reply