বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে তাঁদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাত করা হয়।
সকাল থেকেই সমাধিস্থলে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। এ সময় শেখ খালিদ হাসান জ্যাকি নেতাকর্মীদের নিয়ে সেখানে যান। পরে বেলা সাড়ে ১১টার দিকে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে নেতাকর্মীরা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিএনপির জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে শেখ খালিদ হাসান জ্যাকি বলেন, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির আদর্শে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে দেশের উন্নয়ন ও উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই ছিল এ সংগঠন প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, গত ১৭ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সংগঠনটির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ছিলেন।
আগামী দিনেও দেশ গঠন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শেখ খালিদ হাসান জ্যাকি আরও বলেন, দেশের তরুণ সমাজকে সঙ্গে নিয়ে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে যুবদল ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠিত হয়। প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
Leave a Reply