খেললেন ১৩২ বল। চার-ছক্কা তো দূরের কথা, একটি সিঙ্গেলও নেননি। আর এমন ইনিংস খেলে প্রশংসায় ভাসছেন ব্যাটার! ‘শূন্যের’ গল্পে তিনিই নায়ক!
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের লর্ন পার্কে সম্প্রতি এক ম্যাচে খেলা হয়েছে এমন মহাকাব্যিক ইনিংস। দ্বিতীয় গ্রেডের জেলা ক্রিকেটে ২ দিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল নর্দার্ন সাবআর্বস ও ইস্টার্ন সাবআর্বস।
ম্যাচের শেষ দিকে দলের বিপদ সামাল দিতে ক্রিজে অবিচল থাকার দায়িত্ব নেন ইস্টার্নের ওপেনার ফিল্ড। প্রতিপক্ষের বোলারদের লক্ষ্য ছিল উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করা। প্রতিপক্ষকে হতাশ করেই চলছিলেন ফিল্ড। একের পর এক আক্রমণকে ঠেকিয়ে যাচ্ছিলেন। এভাবে উইকেট আগলে রাখেন ১৩২টি বল মোকাবিলা করে। অপরপ্রান্তের বোলাররা ঘাম ছুটিয়ে ক্রিজে টিকে থাকেন অবিচল। তবে নেননি একটি রানও।
এক রানও আসেনি সেই ইনিংস মহাকাব্যিক হয় কী করে! প্রশংসায় কেন ভাসলেন ফিল্ড! কারণ ফিল্ডের এই ধৈর্যশীল ব্যাটিংয়ে ম্যাচটি ড্র হয়েছে।
আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ৪৫৪ রান তুলে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিল নর্দার্ন। এরপর ইস্টার্ন তাদের প্রথম ইনিংসে ২০৩ রানে অলআউট হয়ে ফলো অনে পড়ে। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ফিল্ডের দৃঢ়তায় ইস্টার্ন ৪৬ ওভারে ৬৬ রান তোলার পর দুই অধিনায়ক ড্র মেনে নেন।
ম্যাক্স ফিল্ডের এই মহাকাব্যিক শূন্য রানের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। তাকে ‘টেস্ট ক্রিকেটের আসল নায়ক’ আখ্যা দেওয়া হচ্ছে।
Leave a Reply