আসন্ন নিউজিল্যান্ড সফরে গোড়ালির চোটের কারণে খেলতে পারবেন না বাংলাদেশের পেসার মারুফা আক্তার। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে মাঠে ফেরাতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ৪ ডিসেম্বর তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ নারী দলের। তবে মারুফা বর্তমানে চার সপ্তাহের বিশ্রামে রয়েছেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে আবার হাঁটাচলা শুরু করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
বিসিবির নারী বিভাগের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘নিউজিল্যান্ড সফরে তিনি থাকছেন না। আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হওয়ায় তাকে নিয়ে তাড়াহুড়া করতে চাই না। পুরোপুরি সুস্থ হওয়ার পরই যেন তিনি ফেরেন, তা নিশ্চিত করতে চাই।’
ওই কর্মকর্তা আরও বলেন, ‘তার গোড়ালির ব্যথা আবার ফিরে এসেছে। আমরা চাই না এমনটা আবার ঘটুক। তাই যতটা সময় প্রয়োজন, তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যাতে পরবর্তী সময়ে কোনো ধরনের অস্বস্তি ছাড়াই বোলিং করতে পারেন। পুরোপুরি সুস্থ না হলে নিজের সামর্থ্য অনুযায়ী বোলিং করতে তার সমস্যা হবে।’
মারুফার ডান পায়ের পঞ্চম মেটাটারসাল হাড়ের গোড়ায় ক্ষয় দেখা দিয়েছে। সম্প্রতি তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বর্তমানে তিনি এয়ারকাস্ট বুট ব্যবহার করছেন।
ক্রিকবাজ জানিয়েছে, অস্ট্রেলিয়া সফরের আগে মারুফাকে একটি ইনজেকশন দেওয়া হয়েছিল। তবে তাতে প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। এ কারণে সফরের শেষ ম্যাচে তাকে বিশ্রাম দেয় টিম ম্যানেজমেন্ট।
সূত্র: ক্রিকবাজ
Leave a Reply