দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত আনসার ব্যাটালিয়নের সিপাহি জয় গাইনের পরিবারের ব্যাংকঋণ পরিশোধ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের উদ্যোগে ওই নিহত সিপাহির স্ত্রী মণিষা বিশ্বাসের হাতে ৪ লাখ ২১ হাজার ৭৬৩ টাকার চেক তুলে দেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে মণিষার হাতে ঋণ পরিশোধের চেক হস্তান্তর করেন মহাপরিচালক। এ সময় বাহিনীর পরিচালক (ওয়েলফেয়ার) এনামুল খাঁন উপস্থিত ছিলেন।
গত ১২ মার্চ সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের (৩০ বিএন) সিপাহি জয় গাইন। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে যান। তার এক সন্তানের বয়স তিন বছর, অন্যটির মাত্র সাত মাস।
জানা গেছে, জয় গাইন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের আওতায় ৪ লাখ ১৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। সুদসহ ঋণের পরিমাণ দাঁড়ায় ৪ লাখ ২১ হাজার ৭৬৩ টাকা। স্বামীর মৃত্যুর পর দুই শিশুসন্তানকে নিয়ে সংসার চালানোর পাশাপাশি ঋণের কিস্তি পরিশোধ নিয়ে বিপাকে পড়েন মণিষা।
পরে মণিষা বিশ্বাসের আবেদনের পরিপ্রেক্ষিতে মহাপরিচালক ঋণ পরিশোধের উদ্যোগ নেন। এর ফলে নিহত আনসার সদস্যের পরিবারটি ব্যাংকের ঋণের দায় থেকে মুক্ত হলো।
Leave a Reply