লোড হচ্ছে...
আন্তর্জাতিক সাস্থ্য 08 October, 2026 2 weeks আগে

হাম প্রাদুর্ভাবে রেকর্ড, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 7 পাঠক

যুক্তরাষ্ট্রে হাম সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটির ৪৭টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসিতে চলতি বছরে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার ৯০০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

সোমবার নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেন। এ সময় রাজ্যে ১০৯টি সংক্রমণের খবর পাওয়া যায়, যা ২০১৯ সালের পর নিউইয়র্কে সর্বোচ্চ।

এদিকে পেনসিলভানিয়ায় গত ৩০ বছরের বেশি সময়ের মধ্যে দেশটির সবচেয়ে বড় হাম সংক্রমণের ঘটনা ঘটেছে। চলতি সপ্তাহে সেখানে আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে।

রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, হামে পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য কর্মকর্তারা এ সংখ্যা নিয়ে আপত্তি জানিয়েছেন। তারা এখন পর্যন্ত দুটি মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র আগস্টে দাবি করেছিলেন, পেনসিলভানিয়ায় হাম-সম্পর্কিত মৃত্যুর তথ্য ‘মনগড়া’। এরপর তিনি এ ধরনের মৃত্যুর হিসাব কীভাবে করা হবে, তা পরিবর্তনের জন্য রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রকে (সিডিসি) নির্দেশ দেন।

গত এক বছরে মূলত টিকাবিহীন জনগোষ্ঠীর মধ্যে হাম সংক্রমণ দ্রুত বেড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকা নিতে অনীহা এবং ভুল তথ্যের কারণে শিশুদের টিকাদানের হার কমে যাওয়ায় সংক্রমণ বাড়ছে। সিডিসির তথ্য অনুযায়ী, ২০২৫ ও ২০২৬ সালের অধিকাংশ আক্রান্ত শিশু ও কিশোর।

দক্ষিণ ক্যারোলাইনায় ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত ছয় মাসে প্রায় ১ হাজার মানুষ আক্রান্ত হয়। অন্যদিকে ইউটাহে চলমান প্রাদুর্ভাবে ২০২৫ সালের জুন থেকে এখন পর্যন্ত ৭২৪ জন আক্রান্ত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের (এইচএইচএস) এক মুখপাত্র জানিয়েছেন, দেশজুড়ে হাম সংক্রমণের ঘটনায় সিডিসি জোরালোভাবে কাজ করছে। টেক্সাস, দক্ষিণ ক্যারোলাইনা, ভার্জিনিয়া, কানসাস, নিউ মেক্সিকো ও উইসকনসিনে মহামারি মোকাবিলায় বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে।

প্রয়োজনে নিউইয়র্কেও মহামারি বিশেষজ্ঞ ও অন্যান্য বিশেষজ্ঞ পাঠানোর কথা জানিয়েছেন তিনি।

সূত্র: দ্য ইনডিপেন্ডেন্ট

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.