বৈশ্বিক সাইবার হামলার ঝুঁকিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ রাখার পর রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলার চিহ্ন শনাক্ত হয়েছে। ওয়েবসাইটের অন্তত দুটি স্থানে স্প্যাম শনাক্ত হওয়ার পর সেটি মেরামতের কাজ করছেন ব্যাংকটির তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের কর্মীরা।
রোববার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওয়েবসাইটটি সচল করা সম্ভব হয়নি। তবে ওই দিনের মধ্যেই ওয়েবসাইটটি চালু করা যাবে বলে আশা প্রকাশ করেছেন জনতা ব্যাংকের আইটি বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
তিনি গণমাধ্যমকে বলেন, ওয়েবসাইটে দুটি সাইবার হামলার চিহ্ন পাওয়া গেছে। সেগুলো ঠিক করতে সময় লাগছে। আশা করা হচ্ছে, রোববারের মধ্যেই ওয়েবসাইটটি সচল করা সম্ভব হবে।
বৈশ্বিক সাইবার হামলার আশঙ্কায় বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছিল। পাঁচ দিনের ছুটি শেষে রোববার ব্যাংকিং কার্যক্রম শুরু হলে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চালু করা হয়। তবে জনতা ব্যাংকের ওয়েবসাইট তখনো সচল করা যায়নি।
রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংকের ওয়েবসাইট সচল ছিল।
বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করে ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো।
গত ২১ অক্টোবর প্রকাশিত এক যৌথ সতর্কবার্তায় সংস্থাগুলো জানায়, এসব নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে সাইবার হামলাকারীরা আক্রান্ত সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে।
সতর্কবার্তায় আরও বলা হয়, দ্রুত নিরাপত্তা হালনাগাদ করা সম্ভব না হলে ঝুঁকিতে থাকা ওয়েব অ্যাপ্লিকেশনগুলো সাময়িকভাবে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখা উচিত।
এরপর বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের ওয়েবসাইট ও সার্ভারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।
জনতা ব্যাংকের ওয়েবসাইটে শনাক্ত হওয়া সমস্যাগুলো সমাধানে বর্তমানে মেরামতের কাজ চলছে। ব্যাংকটির পক্ষ থেকে ওয়েবসাইট সচল করার নির্দিষ্ট সময় নিশ্চিত করা না হলেও রোববারের মধ্যেই এটি চালুর আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
Leave a Reply