লোড হচ্ছে...
জাতীয় 06 October, 2026 3 weeks আগে

কৃষকের বাড়ি থেকে ৫৪ বস্তা সার জব্দ, জরিমানা

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 6 পাঠক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক কৃষকের বাড়িতে মজুত করে রাখা ৫৪ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এঘটনায় ওই কৃষককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আওলাই ইউনিয়নের শিরতা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশপিয়া তাসরিন।

অভিযানের সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহানবিশ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহির রায়হানসহ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শিরতা গ্রামের কৃষক রমজান তার বসতবাড়িতে বিপুল পরিমাণ রাসায়নিক সার মজুত করে রেখেছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়িতে ৭৫ বস্তা ভর্তি এবং আরও একটি বস্তার অর্ধেক সার পাওয়া যায়। যাচাই-বাছাইয়ের পর ওই কৃষক ২১ বস্তা সারের বৈধ মেমো দেখাতে পারেন। বাকি ৫৪ বস্তা সারের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সেগুলো জব্দ করা হয়। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

জব্দ করা সারের মধ্যে টিএসপি ১২ বস্তা, এমওপি ২০ বস্তা, ডিএপি ১৯ বস্তা ও ইউরিয়া ৩ বস্তা রয়েছে।

পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহানবীশ বলেন, ওই কৃষক ২১ বস্তা সারের মেমো দেখাতে পেরেছেন। বাকি ৫৪ বস্তার কোনো মেমো দেখাতে পারেননি। যেহেতু তিনি একজন কৃষক, তাই বৈধ মেমো থাকা সার বাদ দিয়ে ৫৪ বস্তা সার জব্দ করা হয়েছে।

তিনি বলেন, অভিযান পরিচালনা করতে রাত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে জব্দ করা সার বিক্রি করা সম্ভব হয়নি। সেগুলো পাঁচবিবি থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার এসব সার বিক্রি করে পাওয়া টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম বলেন, থানায় ৫৪ বস্তা সার রাখা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় থানার সামনে স্থানীয় কৃষকদের কাছে ন্যায্য দামে এসব সার বিক্রি করা হবে।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.