জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রীকে হত্যার দায়ে সিরাজুল ইসলাম শেখ ওরফে লালু নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. হাসিবুল হক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম শেখ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামের আব্দুস ছাত্তার শেখের ছেলে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, প্রায় ১৩ বছর আগে সিরাজুল ইসলামের সঙ্গে পান্না বিবির বিয়ে হয়। তাদের সংসারে কোনো সন্তান না থাকায় প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। ২০২৩ সালের ৭ মার্চ রাত সাড়ে ১০টার দিকে আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামে স্বামীর বাড়িতে পান্না বিবির গলাকাটা মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় ওই গৃহবধূর বাবা আনোয়ার হোসেন বাদি হয়ে স্বামী সিরাজুল ইসলাম লালুকে আসামী করে আক্কেলপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
Leave a Reply