যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৭-এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পঞ্চম এবং দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে নবম স্থান অর্জন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। বৈশ্বিক র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১০০১–১২০০-এর মধ্যে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) টিএইচইর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত র্যাংকিং থেকে এ তথ্য জানা গেছে। টিএইচইর এবারের র্যাংকিংয়ে ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে।
শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং শিল্পখাতের সঙ্গে সম্পৃক্ততাসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করা হয়।
টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং বিশ্বব্যাপী বহুল পরিচিত বিশ্ববিদ্যালয় র্যাংকিংগুলোর একটি। আইইউবিএটির দাবি, এবারের অবস্থান শিক্ষার মান, গবেষণা কার্যক্রম এবং বৈশ্বিক সম্পৃক্ততার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টির অগ্রগতির প্রতিফলন।
১৯৯১ সালে প্রতিষ্ঠিত আইইউবিএটি ব্যবসায় প্রশাসন, কৃষি, প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান ও নার্সিংসহ বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম পরিচালনা করছে। ঢাকার উত্তরায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির সবুজ ক্যাম্পাস, আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণা ও সমাজসম্পৃক্ত কার্যক্রমের ওপর গুরুত্ব রয়েছে।
এ অর্জনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এবং শিক্ষার উৎকর্ষ, উদ্ভাবন ও বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে আইইউবিএটিকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ড. আলিমুল্লাহ মিয়ান ১৯৯১ সালে আইইউবিএটি প্রতিষ্ঠা করেন। বিশ্ববিদ্যালয়টির লক্ষ্য দক্ষ, নৈতিক ও বৈশ্বিকভাবে যোগ্য গ্র্যাজুয়েট তৈরি করা।
Leave a Reply