আপনারা ফেব্রুয়ারিতে যে ভোট দিয়েছেন, সেই ভোটের আঙুলের কালির দাগ শুকানোর আগেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে।’ এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ।
শনিবার (১০ অক্টোবর) সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে আগে কখনো ফ্যামিলি কার্ডের কথা শুনিনি। কোনো সরকারের আমলে এ ধরনের উদ্যোগ দেখিনি। হতদরিদ্র পরিবারগুলোর কথা, বিশেষ করে পরিবারের নারীদের কথা চিন্তা করেই বর্তমান সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে।’
তিনি বলেন, দরিদ্র নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করাই ফ্যামিলি কার্ড কর্মসূচির অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ও বিএনপির এই উদ্যোগকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।
প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া যাবে না।
তিনি বলেন, ‘আপনি যদি আপনার পরিবারকে ভালোবাসেন, তাহলে শতভাগ স্বচ্ছতার সঙ্গে কাজ করবেন। কে কোন দল করে, সেটা আপনাদের দেখার বিষয় নয়। আপনারা স্বচ্ছতার সঙ্গে কাজ করবেন।’
উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরী।
এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি মাহবুব আলী মিয়া, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ তৈয়াবুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলালসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Leave a Reply