গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপালকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদের সময় শিশুটির বাবার চড় মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজনও অভিযুক্তকে মারধর করেন বলে জানা গেছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে টঙ্গীর আউচপাড়া এলাকার করিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মুসলেউদ্দিন ওই প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পরিবারের অভিযোগ, ঘটনার তিন দিন পরও শিশুটি মাদ্রাসায় যেতে চাইছিল না। বিষয়টি জানতে পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসা করলে প্রথমে সে কিছু জানায়নি। পরে মা-বাবার কাছে সে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা খুলে বলে।
পরিবারের দাবি, ঘটনার কথা বাড়িতে জানালে তাকে মারধর করা হবে বলে হুমকি দেওয়া হয়েছিল। এ কারণে শিশুটি ভয়ে বিষয়টি গোপন রেখেছিল বলে অভিযোগ করেছে পরিবার।
শিশুটির কাছ থেকে অভিযোগ শোনার পর বুধবার দুপুরে তার বাবা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অভিযুক্ত শিক্ষককে শিশুটিকে অশালীনভাবে স্পর্শ করার কথা স্বীকার করতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে শিশুটির বাবাকে অভিযুক্ত শিক্ষককে চড় মারতেও দেখা যায়। পরে উপস্থিত লোকজন তাকে মারধর করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, ঘটনাটি শুনেছি। এটি খুবই দুঃখজনক। আমরা তাকে আটক করেছি। মামলা নেওয়া হবে। আইনের যে ধারা রয়েছে, সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply