ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না নিউজিল্যান্ডের ব্যাটার ডেভন কনওয়ে। অনুশীলনে ম্যাট হেনরির সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে মস্তিষ্কে আঘাতজনিত সমস্যায় পড়েছেন তিনি।
মঙ্গলবার ইডেন পার্কে ক্যাচ ধরার চেষ্টা করার সময় দুজনের মধ্যে সংঘর্ষ হয়। নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, দুর্ঘটনার পরপরই দুজনকে চিকিৎসা দেওয়া হয় এবং মাথায় আঘাতের পরীক্ষা করা হয়।
হেনরির শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হলেও কনওয়েকে আরও পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মস্তিষ্কে আঘাত পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট জানায়, ‘দুজনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাদের অংশগ্রহণের বিষয়ে যথাসময়ে পরবর্তী তথ্য জানানো হবে।’
চোট কাটিয়ে দলে ফেরার অপেক্ষায় থাকা হেনরিও পুরোপুরি সুস্থ নন। ডান উরুর পেশিতে সামান্য ছিঁড়ে যাওয়ায় ভারতের বিপক্ষে শেষ তিনটি টি-টোয়েন্টি খেলতে পারেননি তিনি।
ওয়ানডে সিরিজ শুরুর আগেই আরও কয়েকজন ক্রিকেটারকে হারিয়েছে নিউজিল্যান্ড। হ্যামস্ট্রিংয়ের চোটে মার্ক চ্যাপম্যান এবং কাঁধের চোটে রাচিন রবীন্দ্র আগেই সিরিজ থেকে ছিটকে গেছেন।
Leave a Reply