লোড হচ্ছে...
বরিশাল 03 November, 2026 15 hours আগে

দৌলতখানে ৩৬ বছর পর ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিল আদালত

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 3 পাঠক

ভোলার দৌলতখান উপজেলায় দীর্ঘ ৩৬ বছর ধরে চলা জমি নিয়ে বিরোধের অবসান ঘটেছে আদালতের নির্দেশে।

আদালতের আদেশে ঢাকঢোল পিটিয়ে ও লাল পতাকা টাঙিয়ে ২ একর ৮৬ শতাংশ জমির সীমানা নির্ধারণ করে প্রকৃত মালিকপক্ষকে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার চরখলিফা ইউনিয়নের পশ্চিম দিদারুল্লাহ গ্রামের ৫ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হয়।

আদালত সূত্রে জানা যায়, দৌলতখান সহকারী জজ আদালতের দেওয়ানি মোকদ্দমা নম্বর ৩২২/২০১৫ এবং দেওয়ানি ডিক্রিজারি মামলা নম্বর ২/২০২৪-এর আওতায় গত ২১ জুলাই ২০২৬ তারিখের আদেশের পরিপ্রেক্ষিতে বাদী আব্দুল হাই গংকে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়। আদালতের নিযুক্ত অ্যাডভোকেট কমিশনার মোহাম্মদ জিয়াউর রহমানের নেতৃত্বে এ কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় ভোলা জজ আদালতের সার্ভেয়ার ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯০ সাল থেকে চরখলিফা ইউনিয়নের দিদারুল্লাহ গ্রামের আব্দুল হাই গং ও আব্দুল অদুদ গংয়ের মধ্যে ২ একর ৮৬ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। দীর্ঘদিন বিরোধ চলার পর ২০১৫ সালে আব্দুল হাই গং দেওয়ানি আদালতে মামলা দায়ের করেন।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে শনিবার আদালতের নির্দেশনায় সংশ্লিষ্ট এলাকার নকশা অনুযায়ী জমির সীমানা নির্ধারণ করা হয়। পরে আদালতের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশের উপস্থিতিতে ঢাকঢোল পিটিয়ে এবং লাল পতাকা টাঙিয়ে বাদীপক্ষকে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়।

মামলার বাদী আব্দুল হাই বলেন, দীর্ঘ ৩৬ বছর পর আইনি লড়াই শেষে জমির দখল ফিরে পেতে আমাদের অনেক কষ্ট হয়েছে। অবশেষে আদালতের হস্তক্ষেপে জমির দখল বুঝে পেয়ে আমরা স্বস্তি পেয়েছি। আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল।

অ্যাডভোকেট কমিশনার মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে জমির সীমানা নির্ধারণ করে ঢাকঢোল পিটিয়ে মালিকপক্ষকে দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। এ সময় কোনো ধরনের ঝামেলা হয়নি।

দীর্ঘ ৩৬ বছরের জমি বিরোধের অবসান এবং আদালতের নির্দেশে জমির দখল বুঝে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন বাদীপক্ষের লোকজন।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.