লোড হচ্ছে...
অর্থ-বাণিজ্য 05 November, 2026 3 hours আগে

রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 5 পাঠক

বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের সরবরাহ বাড়িয়ে স্থিতিশীলতা ফেরাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৪ নভেম্বর) নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে এ ডলার বিক্রি করা হয়। ১২৪ টাকা ৩০ পয়সা থেকে ১২৪ টাকা ৩৫ পয়সা দরে এ বিদেশি মুদ্রা বিক্রি করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে নিলামের মাধ্যমে ১২ কোটি ২০ লাখ ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক। দীর্ঘদিন পর সেটিই ছিল এ ধরনের প্রথম নিলাম।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বুধবারের নিলামে প্রতিটি ব্যাংককে একক বিডে সর্বনিম্ন পাঁচ লাখ ডলার কেনার আবেদন করতে বলা হয়। এর আগের দিন মঙ্গলবারও ১০ কোটি ডলার বিক্রির জন্য নিলাম ডাকা হয়েছিল। তবে কয়েকটি ব্যাংক অংশ নেওয়ার পরও শেষ মুহূর্তে নিলামটি বাতিল করা হয়। এ বিষয়ে ব্যাংকগুলোকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

জ্বালানিসহ বিভিন্ন পণ্য আমদানির ব্যয় বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রার বাজারে ডলারের চাহিদা বাড়ছে। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

২০২১ সালের আগস্টে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। তবে, পরবর্তী সময়ে দীর্ঘদিন রিজার্ভ থেকে ডলার বিক্রির ফলে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের আগে তা ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলারে নেমে আসে।

পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নিয়ে ড. আহসান এইচ মনসুর রিজার্ভ থেকে ডলার বিক্রি না করার নীতি গ্রহণ করেন। বর্তমান গভর্নরও একই নীতি অব্যাহত রাখেন। এতে রিজার্ভ বাড়তে বাড়তে গত ২৯ জুন ৩৭ বিলিয়ন ডলার ছাড়ায়। গত ১ সেপ্টেম্বর তা সর্বোচ্চ ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলারে পৌঁছায়। তবে, এরপর থেকে কমে মঙ্গলবার রিজার্ভ দাঁড়ায় ৩৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলারে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনে যুদ্ধ পরিস্থিতির উন্নতির আশা তৈরি হয়েছে। এর প্রভাবে বুধবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও ডলারের দাম কমেছে। বাংলাদেশেও বৈদেশিক মুদ্রাবাজারের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.