বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন, ৬ষ্ঠ পুনর্মিলনী, ১১তম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং আর্টিলারি সেন্টার ও স্কুলের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রামের হালিশহরে অবস্থিত আর্টিলারি সেন্টার ও স্কুলে আয়োজিত তিন দিনব্যাপী এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আর্টিলারি রেজিমেন্টের গৌরবোজ্জ্বল অবদানের কথা স্মরণ করেন।
এ সময় আর্টিলারি রেজিমেন্টের সার্বিক উন্নয়ন, পরিবর্তিত যুদ্ধপরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং ভবিষ্যৎ আভিযানিক সক্ষমতা অর্জনের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি পেশাগত উৎকর্ষতা বজায় রেখে সর্বদা প্রস্তুত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সেনাবাহিনী প্রধান।
বাৎসরিক অধিনায়ক সম্মেলন শেষে পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন সেনাপ্রধান। এ সময় তিনি মনোমুগ্ধকর পুনর্মিলনী কুচকাওয়াজ উপভোগ করেন এবং রেজিমেন্টের প্রাক্তন ও বর্তমান সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন। বক্তব্যে সদস্যদের মধ্যে পারস্পরিক ঐক্য, সংহতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এছাড়া পাঁচ দশক ধরে আর্টিলারি সদস্যদের আধুনিক প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আর্টিলারি সেন্টার ও স্কুলের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সংশ্লিষ্ট সবার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সেনাবাহিনী প্রধান।
এর আগে গত ৩ নভেম্বর আর্টিলারি রেজিমেন্টের ১১তম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কর্নেল কমান্ড্যান্ট হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় শহীদ মেজর নাজমুল হক প্যারেড গ্রাউন্ডে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে আর্টিলারি রেজিমেন্টের জ্যেষ্ঠতম অধিনায়ক ও জ্যেষ্ঠতম মাস্টার ওয়ারেন্ট অফিসার তাকে কর্নেল কমান্ড্যান্টের র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল; কর্নেল কমান্ড্যান্ট ও বিজিবি মহাপরিচালক; জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার এরিয়া কমান্ডারসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আর্টিলারি রেজিমেন্টের কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য, তাঁদের পরিবারবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।
Leave a Reply