পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র দেখা গেছে। শিক্ষার্থীদের পড়াশোনায় অমনোযোগ, সন্ধ্যার পর বাইরে আড্ডা দেওয়া এবং মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তিকে এর অন্যতম কারণ হিসেবে দেখছে উপজেলা প্রশাসন। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় ফিরিয়ে আনা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অটোরিকশায় মাইকিং করে এ প্রচারণা চালানো হয়।
প্রচারণায় জানানো হয়, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী মাগরিবের পর কোনো শিক্ষার্থী বিনা প্রয়োজনে বাড়ির বাইরে ঘোরাফেরা করতে পারবে না। সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার বন্ধ রাখতে হবে। এ ছাড়া ১৮ বছরের কম বয়সীদের কাছে বিড়ি-সিগারেট বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়। স্কুল চলাকালীন সময়ে শিক্ষার্থীদের দোকানে বসে আড্ডা দেওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
পাশাপাশি ছোট শিশুদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ডোবা, পুকুর, খাল ও নদী থেকে তাদের দূরে রাখতে অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান জানান, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় ফিরিয়ে আনা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং ভবিষ্যতে পরীক্ষার ফলাফলের মান উন্নয়নের লক্ষ্যেই এ সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। তিনি এসব নির্দেশনা মেনে চলার জন্য শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply