জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আপন (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন।
এ ঘটনায় শাকিব মিয়া (১৮) নামে মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দত্তেরচর এলাকায় জামালপুর-রাজিবপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আপন বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের যদুরচর গ্রামের ইয়াহিয়ার ছেলে। আহত শাকিব মিয়া একই গ্রামের মিনারুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় একটি পালসার মোটরসাইকেলে আপন ও শাকিব যাচ্ছিলেন। পথে দত্তেরচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আপনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শাকিব মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও কাভার্ড ভ্যান হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। তবে দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, ‘ঘটনাটি হাইওয়ে থানাকে জানানো হয়েছে। বিষয়টি তারাই দেখবে।’
Leave a Reply