লোড হচ্ছে...
রাজশাহী 04 November, 2026 2 hours আগে

‘প্যান্ট-টাই খুলে না নিতে পারলে রাজনীতি ছাড়ব’ -এমপিকে বিএনপি নেতার হুঁশিয়ারি

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 2 পাঠক

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম। গত ৯ মাসে সংসদ সদস্য কোথা থেকে কত টাকা নিয়েছেন, তার হিসাব ও ব্যাংক ড্রাফটের নম্বরসহ দলীয় চেয়ারম্যান তারেক রহমানের কাছে অভিযোগ তুলে ধরার ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে সংসদ সদস্যের ‘প্যান্ট-টাই খুলে নেওয়ার’ হুমকিও দিয়েছেন বিএনপির এই নেতা।

সোমবার (০২ নভেম্বর) সন্ধ্যায় মহাদেবপুর উপজেলা বিএনপির কার্যালয়ে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রবিউল আলম। তাঁর বক্তব্যের ৫ মিনিট ১৫ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে রবিউল আলমকে বলতে শোনা যায়, ‘আমি শুনেছি, একটি প্রোগ্রামে উনি (এমপি) নাকি বক্তব্য দিয়েছেন, আমরা নাকি প্রত্যেকটি ইউনিয়নে চিঠি দিয়ে টাকা চেয়েছি। আমাদের চিঠির বিনিময়ে জবাব দিক, কোন ইউনিয়নের কাছে আমরা টাকা চেয়েছি? আর এমপি সাহেব কার কাছে টাকা চেয়েছেন, তার প্রমাণসহ হাজির হব মহাদেবপুরের মানুষের কাছে। অপেক্ষা করেন, ওর (এমপি) প্যান্ট-টাই এই মহাদেবপুরের মাটিতে আমি যদি খুলে নিতে না পারি, আর কোনো দিন রাজনীতি করব না।’

বক্তব্যে সংসদ সদস্যকে মহাদেবপুর-বদলগাছী এলাকার ইতিহাসের ‘সর্বোচ্চ দুর্নীতিবাজ’ আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন রবিউল আলম। তিনি বলেন, ‘মহাদেবপুরে বিএনপির নামে অফিস করা হয়েছে, সাইনবোর্ড দেওয়া হয়েছে। আমি আপনাদের কথা দিচ্ছি, আগামী ৭ নভেম্বরের প্রোগ্রামের পর ওই সাইনবোর্ড ওখান থেকে টেনে ফেলে দেওয়া হবে।’

সংসদ সদস্যের বিরুদ্ধে অর্থ নেওয়ার অভিযোগের বিস্তারিত তুলে ধরার কথাও জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘এই ৯ মাসে উনি (এমপি) কোথা থেকে কত টাকা নিয়েছেন, কোন ব্যাংক থেকে, ব্যাংক ড্রাফট হয়ে তার কাছে জমা হয়েছে, এই নম্বরসহ আগামী দিনে তারেক রহমানের কাছে উপস্থাপন করা হবে। এত দিন বলি নাই, কারণটা হচ্ছে সামনে স্থানীয় সরকার নির্বাচন। …আমাদের চেয়ারম্যান দরকার। যদি আমরা জনগণের জন্য কিছু করতে যাই, তাহলে আমাদের ইউনিয়ন পরিষদ দরকার। সেই কারণে আজকে কাজ শুরু করেছি।’

ভিডিওর শেষ দিকে রবিউল আলমকে সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দিন ওরফে সেলিম তরফদারের সঙ্গে ফজলে হুদার তুলনা করতেও শোনা যায়। তিনি বলেন, ‘বদলগাছীতে অনেকেই বলে সর্বোচ্চ দুর্নীতিবাজ নাকি সেলিম (সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দিন ওরফে সেলিম তরফদার)। সেলিম পাঁচ বছরে যা করেনি, আমার ধারণা এই ৯ মাসে এমপি তার চাইতে বেশি করেছে। …এক খাদ্য গোডাউন থেকে তিন কোটি টাকার ওপরে নিয়েছেন, ডকুমেন্টসহ চ্যালেঞ্জ করছি। এই সারের ডিলারশিপ থেকে নিয়েছে, আরও কোথায় থেকে নিয়েছে জানি। কোনো কাজ হয়নি, সেই কাজের বিল কীভাবে হয়েছে, সব হিসাব হবে; সময়মতো হিসাব দেওয়া হবে।’

এ বিষয়ে জানতে চাইলে রবিউল আলম বুলেট বলেন, ‘যা সত্য, তাই বলেছি। যথাসময়ে আরও বিস্তারিত উপস্থাপন করা হবে।’

অন্যদিকে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, ‘রাজনীতিতে থাকলে মানুষ এমন রাজনৈতিক বক্তব্য দিতেই পারে।’ অভিযোগকারীর প্রতি প্রমাণসহ জাতির সামনে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি রাজনীতিতে নতুন নই। রাজনীতি করতে গেলে অনেকেই অনেক কথা বলতে পারেন।’

উল্লেখ্য, ফজলে হুদা বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি এবং কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.