যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে পেনসিলভেনিয়ার ৮ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান পার্টির প্রার্থী ও বর্তমান কংগ্রেসম্যান রব ব্রেসনাহানকে পরাজিত করেছেন ডেমোক্র্যাটিক প্রার্থী পেজ কোগনেটি।
স্ক্র্যান্টন শহরের মেয়র কোগনেটির এই জয়ের মধ্য দিয়ে আসনটি আবারও ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে ফিরেছে।
বুধবার (৪ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের ডিসিশন ডেস্কের পূর্বাভাসে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসনে কোগনেটির বিজয়ের বিষয়টি নিশ্চিত করা হয়।
২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছ থেকে আসনটি নিজেদের দখলে নিয়েছিলেন রিপাবলিকান প্রার্থী রব ব্রেসনাহান। দুই বছর পর সেই আসনেই তাকে পরাজিত করে পুনরায় ডেমোক্র্যাটদের বিজয় নিশ্চিত করলেন পেজ কোগনেটি।
এর ফলে পেনসিলভেনিয়ায় রিপাবলিকানদের দখলে থাকা যেসব আসন পুনরুদ্ধারের লক্ষ্য নির্ধারণ করেছিল ডেমোক্র্যাটিক পার্টি, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি আসন ফিরে পেল দলটি।
নির্বাচনি প্রচারণায় কোগনেটি নিজেকে প্রচলিত স্বার্থকেন্দ্রিক রাজনীতির বিপরীতে একজন বিকল্প প্রার্থী হিসেবে উপস্থাপন করেন। নির্বাচিত হলে জনপ্রতিনিধিদের কর্মকাণ্ড ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে বিস্তারিত নিরীক্ষা বা অডিটের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি। এ প্রতিশ্রুতির মাধ্যমে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা চালান স্ক্র্যান্টনের এই মেয়র।
রিপাবলিকানদের কাছ থেকে আসনটি পুনরুদ্ধার কোগনেটির জন্য ব্যক্তিগত বিজয়ের পাশাপাশি পেনসিলভেনিয়ায় ডেমোক্র্যাটদের নির্বাচনি কৌশলেরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
Leave a Reply