লোড হচ্ছে...
সিলেট 04 November, 2026 47 minutes আগে

সিলেটে প্রেমের জেরে যুবক খুন, প্রেমিকার বাবা

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 3 পাঠক

সিলেটের ওসমানীনগরে ভাতিজির সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে সাইফুর রহমান (২৪) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় তরুণীর বাবা সেজু আহমদের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (২ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের শেরপুর টোলপ্লাজা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সাইফুর রহমান উপজেলার সাদিপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের করম উদ্দিনের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সাইফুরের সঙ্গে তাঁর দূরসম্পর্কের ফুফাতো ভাই ও পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বাসিন্দা সেজু আহমদের ১৯ বছর বয়সী মেয়ের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। প্রায় চার মাস আগে ওই তরুণীকে নিয়ে পালিয়ে যান সাইফুর। পরে দুই পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের মধ্যস্থতায় তরুণীকে তাঁর বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়। এ সময় বিষয়টি নিয়ে ভবিষ্যতে কোনো বিরোধে না জড়ানোর জন্য উভয় পরিবারকে অনুরোধ করা হয়েছিল।

পরিবারের দাবি, সোমবার রাতে খাবার শেষে একটি ফোনকল পেয়ে শেরপুর টোলপ্লাজা এলাকায় যান সাইফুর। সেখানে স্থানীয় একটি ভ্যারাইটিজ স্টোরে বসে গল্প করার সময় তরুণীর বাবা সেজু আহমদ হঠাৎ ধারালো ছুরি দিয়ে তাঁকে উপর্যুপরি আঘাত করেন। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় সাইফুরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভগ্নিপতি সরাজ মিয়া বলেন, সাইফুরের সঙ্গে সেজু আহমদের মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। চার মাস আগে তাঁকে নিয়ে পালিয়ে যাওয়ার পর দুই পরিবারের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হয়েছিল। এরপরও প্রকাশ্যে ছুরিকাঘাতে সাইফুরকে হত্যা করা হয়েছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.