লোড হচ্ছে...
রংপুর 31 October, 2026 1 day আগে

দেশের ৪৫৯৯ ইউনিয়নে একটি করে খেলার মাঠ করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

শেয়ার করুন: ফেসবুক টুইটার WhatsApp 2 পাঠক

দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এ লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকরা কাজ করছেন। পাশাপাশি জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে খেলার উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর হাজীপাড়া এলাকায় পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন প্রকল্প উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য খেলাধুলাকে পেশাদার পর্যায়ে নিয়ে যাওয়া। নতুন করে খেলাধুলার কার্যক্রম শুরু করার মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করার কাজ চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ ছাড়া জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে খেলার উপযোগী করা হবে, যাতে সেখান থেকে ভালো মানের খেলোয়াড় তৈরি হতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য শিক্ষিত ও বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। এ লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বেশ কিছু কর্মসূচি ও পরিকল্পনা হাতে নিয়েছে। এর মধ্যে ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়নের বিষয়টি গুরুত্ব দিচ্ছেন।

তিনি আরও বলেন, যুবকদের এমন মানসম্মত প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা দেশে-বিদেশে কাজ করার সুযোগ পান। পাশাপাশি দেশের জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিটি ঘরে এবং গরুর খামার রয়েছে এমন এলাকায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে জ্বালানি চাহিদা পূরণের পাশাপাশি তরুণ উদ্যোক্তারা স্বাবলম্বী হতে পারবেন এবং বায়োগ্যাস সংযোগ দিয়ে আয়ও করতে পারবেন যুকরা।

এর আগে প্রতিমন্ত্রী বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন এবং পাঁচজন উদ্যোক্তার মাঝে ঋণ বিতরণ করেন।

এ সময় নীলফামারীর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকলিমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:
thefourthbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাল্টিমিডিয়া
দেখুন
বাংলাদেশের প্রাকৃতিক
বাংলাদেশের প্রাকৃতিক
ভিডিও ১০ মি.