বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক গড়ে তোলার পর বিয়ে না করে ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে গাজীপুরের পূবাইলের এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় দায়ের করা মামলায় মাহমুদুল হাসান মুন্না (২৫) নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মুন্না পূবাইল থানার খোরাইদ এলাকার ইয়াসিন আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে দিলারা আক্তার (৩২) নামে এক নারী পূবাইল থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মুন্নার সঙ্গে ওই নারীর প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত পূবাইলের তালটিয়া এলাকায় ওই নারীর ভাড়া বাসায় স্বামী পরিচয়ে বসবাস করেন মুন্না।
এ সময় বিয়ের আশ্বাস দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন তিনি। একাধিকবার বিয়ের প্রতিশ্রুতি দিলেও বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যান মুন্না।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ওই নারীর অন্য এক ব্যক্তির সঙ্গে বিয়ের দিনক্ষণ ঠিক হলে মুন্না তা ভেঙে দেন। পরবর্তী সময়ে ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে তাঁর বিরুদ্ধে।
এ ঘটনায় ওই নারীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে মুন্নাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Leave a Reply