এশিয়ার উচ্চশিক্ষার প্রতিযোগিতামূলক অঙ্গনে নিজেদের অবস্থান জানান দিয়েছে সিলেটের দুটি বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক পর্যায়ে প্রকাশিত এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)। বিশ্বমঞ্চে বাংলাদেশের উচ্চশিক্ষার অগ্রযাত্রায় সিলেটের এই দুই প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণাবিষয়ক সংস্থা কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ বাংলাদেশের মোট ৫২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত এই তালিকায় এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়নের আওতায় আনা হয়েছে।
কিউএসের এবারের তালিকায় বাংলাদেশের ৫২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ২৭টি সরকারি, ২৩টি বেসরকারি এবং দুটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। এই তালিকায় সিলেটের শাবিপ্রবি ও সিকৃবির উপস্থিতি আঞ্চলিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্যও তাৎপর্যপূর্ণ।
কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এশিয়াজুড়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১৩৬তম। অন্যদিকে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দেশের সেরা অবস্থান অর্জন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। এশিয়ায় প্রতিষ্ঠানটির অবস্থান ১৪৯তম।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যার এশিয়াভিত্তিক অবস্থান ২১৬তম। ব্র্যাক ইউনিভার্সিটি রয়েছে ২৭১তম অবস্থানে।
তালিকায় আরও স্থান পেয়েছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
এ ছাড়া ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে ৭০০তম অবস্থানে এবং সাউথইস্ট ইউনিভার্সিটি রয়েছে ৭৮১ থেকে ৭৯০তম অবস্থানের মধ্যে। আইইউবিএটি ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক রয়েছে ৮০১ থেকে ৮৫০তম অবস্থানের মধ্যে। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমসের অবস্থান ৮৫১ থেকে ৯০০-এর মধ্যে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও সিলেটের দুটি প্রতিষ্ঠান ছাড়াও কিউএসের তালিকায় স্থান পেয়েছে দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এ ছাড়া রয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ও তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তবে প্রতিষ্ঠানটির নির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি।
কিউএসের ২০২৭ সালের এশিয়া বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে প্রথম স্থান অর্জন করেছে হংকং বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণে একাডেমিক সুনাম, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, গবেষণার মান ও প্রভাব, পিএইচডিধারী শিক্ষকের সংখ্যা, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতিসহ একাধিক সূচক বিবেচনায় নিয়েছে কিউএস।
এশিয়ার উচ্চশিক্ষার মানচিত্রে সিলেটের দুটি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি কেবল দুটি প্রতিষ্ঠানের স্বীকৃতিই নয়, বরং আন্তর্জাতিক পরিসরে সিলেটের উচ্চশিক্ষা ও গবেষণার পরিচিতির ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
Leave a Reply