শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠিত হয়েছে-জানিয়ে তাদেরকে সড়ক ছেড়ে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শ্রমিকদের উদ্দেশে তিনি বলেছেন, ‘তাদের দাবি নিয়ে সরকার কাজ করছে। মজুরি বোর্ড গঠনের মাধ্যমে সেই প্রক্রিয়া শুরু হলো। তাই আন্দোলনকারীদের সড়ক ছেড়ে কাজে ফিরে যাওয়া উচিত।’
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মজুরি বোর্ড ঘোষণার পর তিনি এ আহ্বান জানান।
শ্রমমন্ত্রী বলেন, বিচারপতি শেখ আশফাকুর রহমানের নেতৃত্বে মালিক-শ্রমিক এবং নিরপেক্ষ সদস্যদের নিয়ে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া তৈরি পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তারকে বোর্ডের সদস্য করা হয়েছে।
তিনি বলেন, ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ধারার বিধান অনুযায়ী এই বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান হিসেবে একজন বিচারপতি দায়িত্ব পালন করবেন। চেয়ারম্যানসহ বোর্ডের সদস্যরা শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের বিষয়ে কাজ করবেন।’
আরও পড়ুন: পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা
আরিফুল হক চৌধুরী বলেন, শ্রমিকদের দাবি বিবেচনায় নিয়ে সরকার আজই মজুরি বোর্ড ঘোষণা করেছে। এখন বোর্ডের সদস্যরা দ্রুত বৈঠকে বসে বিষয়টি একটি পর্যায়ে নিয়ে যাবেন বলে আশা করছে সরকার।
শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, গত তিন দিন ধরে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করেছেন তারা। সরকারকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি মহল শ্রমিকদের ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। মন্ত্রীর ভাষ্য, মজুরি বোর্ড গঠনের মাধ্যমে শ্রমিকদের দাবি আদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে। তাই আন্দোলনকারীদের সড়ক ছেড়ে কাজে ফিরে যাওয়া উচিত।
আন্দোলনে অংশ নেওয়া সবাই প্রকৃত শ্রমিক নন উল্লেখ করে শ্রমমন্ত্রী বলেন, একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ডিসেম্বরকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।
এর আগে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীসহ বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এ পরিস্থিতিতে ১ নভেম্বর নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছিলেন শ্রমমন্ত্রী।
বর্তমানে তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালে এ মজুরি নির্ধারণ করা হয়েছিল।
Leave a Reply